[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরম পূরণ করতে না দেওয়ায় ছাত্রের 'আত্মহত্যা', তদন্তে ৩ সদস্যের কমিটি

প্রকাশঃ
অ+ অ-
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বনপাড়া বাজারে নাটোর-পাবনা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। রোববার সন্ধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

নাটোরের বড়াইগ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ায় এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এই কমিটি গঠনের ঘোষণা দেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহত বর্ণ রোজারিও (১৮) উপজেলার বনপাড়া সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। তিনি বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার বিপ্লব রোজারিওর ছোট ছেলে। সহপাঠীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করতে না দেওয়ায় বর্ণ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বর্ণর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা কলেজের মূল ফটকসহ কয়েকটি কক্ষে ভাঙচুর করেন এবং সন্ধ্যায় বনপাড়া বাজারে নাটোর-পাবনা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। পরে ইউএনওর আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বর্ণর সহপাঠীরা আজ দুপুরে ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে গণদরখাস্ত দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার কলেজে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৪০০ জনই অকৃতকার্য হন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অকৃতকার্যদের মধ্যে বর্ণসহ ৩৮ জনকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, শিক্ষকেরা পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অকৃতকার্য করে পরে পুনঃপরীক্ষার নামে অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণের সুযোগ দিয়েছেন। তবে বর্ণসহ ৩৮ জনকে সেই সুযোগ থেকেও বঞ্চিত করায় হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ শংকর ডমিনিক গমেজ বলেন, ‘নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। অকৃতকার্য করা বা ফল স্থগিত রাখার বিষয়টি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার উদ্দেশ্যেই করা হয়। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সঠিক নয়।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন