[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রমজানে আরামদায়ক ও উৎসবের সাজ

প্রকাশঃ
অ+ অ-
আপনজনের বাসায় দাওয়াতে গেলে জমকালো পোশাক না পরে রুচিশীল পোশাক পরুন | ছবি: হরিতকী

রমজান মাস দোরগোড়ায়। এদিকে চলছে ফাল্গুন মাস। প্রতিদিনই যেন আবহাওয়া একটু করে তপ্ত হচ্ছে। এই রোজা আর আবহাওয়া—দুটোর কথা মাথায় রেখে এ সময়ের পোশাক হওয়া চাই আরামদায়ক। রান্না ও ঘর গোছানোর পাশাপাশি অতিথি আপ্যায়ন—সব সময় আপনি পরতে পারেন সুতি, তিসি থেকে তৈরি কাপড় (লিনেন) ও কৃত্রিম রেশমের পোশাক। এসব কাপড়ের সালোয়ার-কামিজ, ঢিলেঢালা লম্বা পোশাক (কাফতান) বা টপস হতে পারে আপনার পছন্দ।

যেহেতু রোজা চলে এসেছে এবং প্রায়ই ইফতারের দাওয়াতে যেতে হবে, তাই পোশাকে আরামের পাশাপাশি কিছুটা নকশার কাজ থাকতে পারে। বাড়িতে ইফতারে কাউকে দাওয়াত দিলে ব্লক বা ছাপচিত্রের নকশা করা পোশাক পরতে পারেন। আবার অন্যের বাড়িতে দাওয়াতে গেলে একটু আভিজাত্যপূর্ণ পোশাক বেছে নেওয়া ভালো। সেই পোশাকেও থাকতে পারে ব্লকের নকশা কিংবা কারচুপির কাজ।

পোশাকের ডিজাইনে জ্যামিতিক কিংবা ফুলসহ বিভিন্ন ধরনের মোটিফ ব্যবহার করা হয়েছে | ছবি: হরিতকী

নকশা ও মোটিফ যেমন হতে পারে
ঈদ উপলক্ষে নারীদের জন্য জাতিগত ঐতিহ্যের পোশাক, প্রচলিত ধারা ও মিশ্র রীতির পাশাপাশি সমকালীন আধুনিক ধারার বিভিন্ন সুতি শাড়ি, সালোয়ার-কামিজ ও আলাদা কামিজ নিয়ে এসেছে বিভিন্ন ফ্যাশন হাউস। পোশাকের নকশায় জ্যামিতিক কিংবা ফুলসহ বিভিন্ন ধরনের মোটিফ ব্যবহার করা হয়েছে। পোশাককে অনন্য করে তোলে ছাপচিত্র, সুঁই-সুতার নকশা, ধাতব হাতের কাজ এবং বাঁধন-রঙ ও কারচুপির কাজ। এসব সংগ্রহ থেকে অনায়াসে মানানসই পোশাক বেছে নিতে পারেন।

লেইস ও ঝালরের ব্যবহার আরও আকর্ষণীয় করে তুলবে
এ বছর পোশাক এবং ঘাগরা বা ঝুলের পোশাকে লেইস ও ঝালরের ব্যবহার বেড়েছে। পোশাকে বোতামের পরিবর্তে এখন ঝালর বা ট্যাসেল বসানো হচ্ছে। সুতি ও তিসি থেকে তৈরি কাপড়ের আলাদা কামিজ ও উপরিভাগের পোশাকে লেইসের ব্যবহার বেড়েছে। কামিজ এবং ওড়নায় ঝালরের ব্যবহার পোশাকের সৌন্দর্য বাড়িয়ে তুলছে।

নারীদের জন্য এথনিক, ট্র্যাডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ডের পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো | ছবি: হরিতকী

যেসব পোশাক পরতে পারেন
শাড়ি, কামিজ, ঢিলেঢালা লম্বা পোশাক (কাফতান) ও উপরিভাগের পোশাকে আধুনিক সব ছাঁট ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। তরুণীদের পোশাকে দেশি ঐতিহ্যের পাশাপাশি পশ্চিমা ও উপমহাদেশীয় ধারার মিশ্রণ রাখা হয়েছে। এছাড়া সালোয়ার-কামিজের গঠন ও কাটাকাটিতে ভিন্নতা আনার চেষ্টা করেছে বিভিন্ন ব্র্যান্ড।

রঙের বাছাই যেমন হবে
এখন বাজারে খয়েরি, পেঁয়াজ রঙ, চেরি লাল, কমলা, উজ্জ্বল ও প্রবাল গোলাপি, হালকা বেগুনি, কফি, জলপাই সবুজ ও পুদিনা সবুজের মতো রঙের পোশাক এসেছে। এছাড়া রাজকীয় গাঢ় নীল, আকাশীসহ নীলের বিভিন্ন ধরনের শেড পাওয়া যাচ্ছে নামি সব বিপণিবিতানে। ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ প্রায় প্রতিটি বড় শহরে দেশের নামকরা ফ্যাশন হাউসগুলোর শাখা আছে। সেখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে।

এছাড়া সারা দেশের জেলা শহরগুলোর আধুনিক বাজার বা বিপণিবিতানগুলোতে ঈদের সব পোশাক পাওয়া যাবে। ফেসবুক বা ওয়েবসাইটভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানেও এসব পোশাক মিলবে। সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাক এখন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাওয়া যায়। দাওয়াতে পরে যাওয়ার মতো পোশাক ১ হাজার ২০০ থেকে শুরু করে সাড়ে ৩ হাজার বা তার বেশি দামে কেনা যাবে। তবে ব্র্যান্ড ভেদে দাম কম-বেশি হতে পারে।

যেভাবে পোশাক বাছাই করবেন
আপনজনের বাসায় দাওয়াত হলে খুব বেশি জমকালো পোশাক পরার প্রয়োজন নেই। এক্ষেত্রে পোশাকে রুচির ছাপ থাকাই যথেষ্ট। সাধারণ নকশার চিরাচরিত ঘরানার পোশাক এ সময় আপনাকে স্বস্তি দেবে। এ ধরনের দাওয়াতে খুব বেশি পরীক্ষামূলক পোশাক না পরাই ভালো।

রোদ ও গরমের এই সময়ে তাপ শুষে নেয় এমন গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো। হালকা রঙের পোশাক আপনাকে বেশি আরাম দেবে। কারণ, এসব রং তাপ শোষণ না করে প্রতিফলিত করে। পোশাকের ছাঁটে খুব বেশি জাঁকজমক এড়িয়ে যাওয়াই ভালো। এমন আবহাওয়ায় সাধারণ ধাঁচের পোশাকই বেশি মানাবে। অলংকরণের ক্ষেত্রে নান্দনিক ও পরিমিত নকশার পোশাক বেছে নিন।

সাজগোজ নিয়ে কিছু কথা
ইফতারের দাওয়াতে খুব বেশি প্রসাধন ব্যবহার না করাই ভালো। বর্তমানে খুব হালকা বা স্বাভাবিক সাজ নারীদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে। বিশেষ করে দিনের বেলায় হালকা সাজে সাজা বুদ্ধিমানের কাজ। দিনের বেলার সাজের ক্ষেত্রে ত্বক পরিষ্কার করে লোশন বা আর্দ্রতা ধরে রাখে এমন প্রসাধন লাগিয়ে নিন। রোদে পোড়া থেকে বাঁচতে সুরক্ষা ক্রিম মাখতে ভুলবেন না। এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ভিত্তি প্রসাধন (ফাউন্ডেশন) ব্যবহার করুন। সবশেষে পাউডার লাগিয়ে নিন। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করাই হবে আদর্শ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন