ফার্নেস তেলের দাম লিটারে কমলো ১৬ টাকা
![]() |
| ফার্নেস তেল | ফাইল ছবি |
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমানো হয়েছে। এই তেলের নতুন দাম প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা (বিইআরসি)। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
রোববার এই সংক্রান্ত আদেশ জারি করেছে বিইআরসি। বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেল ৮৬ টাকায় বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
আগে ফার্নেস তেলের দাম বিপিসি নিজেই ঠিক করত। তবে অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর এই প্রথম সংস্থাটি তেলের দাম ঘোষণা করল।
বিপিসির অধীনে থাকা চার সরকারি প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সবশেষ ২০২৪ সালের ২ আগস্ট ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়া হয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম ঠিক করার প্রস্তাব দিয়েছিল বিপিসি। পরে তেলের চার বিপণনকারী প্রতিষ্ঠানও তাদের প্রস্তাব জমা দেয়। এক বছর পর গত ২৯ জানুয়ারি এসব প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।
বিপিসি ও অন্য চার প্রতিষ্ঠান প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৮১ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব যাচাই করে বিইআরসির কারিগরি কমিটি দাম ৭৪ টাকা ৪ পয়সা করার সুপারিশ করে। তবে এই দামে আপত্তি জানিয়েছিল প্রধান ক্রেতা পিডিবি। শুনানিতে তারা বলেছিল, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৫০ টাকা ৮৩ পয়সা হওয়া উচিত।

Comments
Comments