মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
![]() |
| শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় | ছবি: সংগৃহীত |
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে অন্তত দুজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল কিশোর ও তরুণ দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষের ওপর চড়াও হচ্ছে। তারা বালতিতে করে হাতবোমা নিয়ে প্রতিপক্ষের দিকে ছুড়ে মারছে।
দুই পক্ষের সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়ায়। গত দেড় মাসে তিনবার তারা এভাবে সংঘর্ষে জড়িয়েছে। শনিবার রাতে টানা চার ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় লড়াই চলে। এ সময় শতাধিক হাতবোমা ফাটানো হয়। সংঘর্ষে আহত দুজনকে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
Comments