[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগ ৬, বিএনপি ৫ ও জামায়াত ২ পদে জয়ী

প্রকাশঃ
অ+ অ-
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার রাতে শহরে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন
 
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ছয়টি, বিএনপি পাঁচটি এবং জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থীরা দুটি পদে জয় পেয়েছেন।

মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (নজরুল-হাসিব পরিষদ) সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (ওদুদ-কনক পরিষদ) সভাপতিসহ পাঁচটি পদে জয়লাভ করে। আর জামায়াতে ইসলামী–সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর পরিষদ) দুটি পদে সফল হয়েছে।

সভাপতি পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থী ও সরকারি কৌঁসুলি মো. আব্দুল ওদুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্যানেলের আলহাজ নজরুল ইসলাম (২) পান ৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ প্যানেলের মোহা. আবু হাসিব। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহা. মাহমুদুল ইসলাম কনক পেয়েছেন ৭৯ ভোট।

সমিতির মোট ২২৭ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দেন। ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি-সমর্থিত প্যানেল সব কটি পদে প্রার্থী দেয়। আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে ১২ জন এবং জামায়াত-সমর্থিত প্যানেল থেকে ১১ জন অংশ নেন।

ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি, দ্বিতীয় সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের প্রথম ও তৃতীয় পদে নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিতরা সভাপতি পদ ছাড়াও সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দ্বিতীয় ও চতুর্থ পদে জয় পান। অন্যদিকে জামায়াত-সমর্থিত প্রার্থীরা প্রথম সহসাধারণ সম্পাদক ও গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন