[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে রোজার আগেই ব্রয়লার মুরগির দাম কেজিতে বাড়ল ৩৫ টাকা

প্রকাশঃ
অ+ অ-

ব্রয়লার মুরগি ফাইল ছবি

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগেই ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। গত এক সপ্তাহে কেবল ব্রয়লার মুরগির দামই কেজিতে প্রায় ৩৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের আগে মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়ায় এখন বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া শীতে খামারে মুরগি মারা যাওয়াও দাম বাড়ার অন্যতম কারণ। রমজানের আগে হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।

বুধবার নগরের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ছিল ৩০০ টাকা। তবে নির্বাচনের পরদিন থেকেই ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছুঁয়েছে। অন্যদিকে সোনালি মুরগি এখন ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরের চকবাজার এলাকার সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের বলেন, নির্বাচনের পর থেকেই মুরগির দাম বাড়তি। বাচ্চার দাম বেড়ে যাওয়া এবং শীতে প্রচুর মুরগি মারা যাওয়া এর প্রধান কারণ। রমজান সামনে থাকলেও খামারিরা পর্যাপ্ত মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে বাজারে চাহিদার তুলনায় জোগান কম।

বুধবার বিকেলে নগরের প্রবর্তক, গোলপাহাড় ও মেহেদীবাগ এলাকা ঘুরে দেখা যায়, হাতেগোনা কয়েকটি দোকানে মুরগি পাওয়া যাচ্ছে, তবে তা চাহিদার তুলনায় খুবই সামান্য। মেহেদীবাগ এলাকার গৃহিণী নুর নাহার বলেন, মঙ্গলবার রাতে আশপাশের দোকানে খুঁজেও মুরগি পাইনি। আজ ১৯৫ টাকা কেজি দরে কিনতে হয়েছে।

চট্টগ্রামের বাজারে মূলত মিরসরাই, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া থেকে মুরগি সরবরাহ করা হয়। এসব উপজেলার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে এক দিন বয়সী ব্রয়লার বাচ্চার দাম ছিল সর্বোচ্চ ২৫ টাকা। দুই মাসের ব্যবধানে সেই বাচ্চার দাম এখন ৮০ থেকে ৮৫ টাকায় ঠেকেছে।

খামারিরা জানান, জানুয়ারি মাসেও বাচ্চার দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ছিল। দুই সপ্তাহ আগেও যা ৪৫ থেকে ৫০ টাকা ছিল, তা এই সপ্তাহে ৮০ টাকায় দাঁড়িয়েছে।

সাতকানিয়ার খামারি মোহাম্মদ আবির জানান, একটি বাচ্চার দাম পড়ছে ৮৩ টাকা। সেটিকে এক কেজি ওজনে নিতে খরচ হচ্ছে ১৮০ টাকার বেশি। তিনি বলেন, বাচ্চা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দাম না কমালে বাজারে মুরগির দাম কমার কোনো সম্ভাবনা নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন