কুষ্টিয়ায় জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলা
![]() |
| কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আসমত গাইন | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় বাদীপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলার অন্যতম সাক্ষী আসমত গাইন (৫৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে নিহতদের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এই হামলা চালায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর ছাতারপাড়া বাজারে পুরোনো বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। ওই সময় আরও দুজন আহত হন, যাঁদের মধ্যে আসমত গাইনও ছিলেন।
নিহতরা হলেন—ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর দুই ছেলে হামিদুল ইসলাম (৪৮) ও তাঁর ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)।
আহত আসমতের ভাতিজা সজীব হোসেন বলেন, ইফতারের আগে আমাদের বাড়িতে অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা চালায়। এতে আমার চাচা দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছর আমাদের গ্রামে দুই ভাইকে হত্যার ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন এবং ওই মামলার অন্যতম সাক্ষী তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আগের জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
Comments