হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ‘ঢিল’, আহত ৩
![]() |
| আহত একজনকে চিকিৎসার জন্য নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। গতকাল রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ঢিল ছুড়ে দুজনকে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মো. দিদার উদ্দিন ও মো. তসলিম হোসেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাব্বির আহমেদ বলেন, গত শুক্রবার তালতলা বাজারে এনসিপির ‘শাপলা কলির’ একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে বিএনপি। গতকাল সন্ধ্যায় আবদুল হান্নান মাসউদ ওই এলাকায় গেলে নেতা-কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক। তিনি বলেন, বিএনপির কেউ শাপলা কলির কার্যালয়ে হামলা করেনি। পথসভায় হামলার অভিযোগও ভিত্তিহীন। এনসিপি নানা ঘটনা সাজিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, ‘এনসিপির পথসভায় যাওয়ার পথে অন্ধকার থেকে কে বা কারা ঢিল ছুড়েছে। এতে দুজন আহত হয়েছেন। তবে আহতরা এনসিপি করে না, তারা উৎসুক হয়ে পথসভায় যাচ্ছিলেন।’ তিনি আরও বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

Comments
Comments