[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন

প্রকাশঃ
অ+ অ-
আগুনে ক্ষতিগ্রস্ত ঘর। আজ মঙ্গলবার সকালে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিল-ডুমুরতলা গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

নড়াইল সদর উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে দুই কক্ষের ঘরটিতে থাকা মালামাল পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার রাতে হবখালী ইউনিয়নের বিল-ডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম হুমায়ুন মোল্যা। তিনি হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন মোল্যা নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী (সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক) মনিরুল ইসলামের সমর্থক। অন্যদিকে হুমায়ুনের স্থানীয় প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম বিএনপির প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক। তাঁরা উভয়ই নির্বাচনে পরাজিত হন। নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে গতকাল সন্ধ্যা ও রাতে দুই দফায় ওই ইউনিয়নের বাগডাঙ্গা বাসস্ট্যান্ডে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

হুমায়ুনের পরিবারের সদস্যদের অভিযোগ, ওই সংঘর্ষের পর আনুমানিক রাত একটার দিকে রিয়াজুল ইসলামের সমর্থকেরা হুমায়ুনের বাড়ির উত্তর পাশের একটি ঘরে পেট্রলবোমা ছোড়েন। বিকট শব্দে ঘুম থেকে জেগে বাড়ির দুই কক্ষে আগুন দেখতে পান। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সেখানে দমকল বাহিনী আসে।

হুমায়ুনের বোন রুলিকা বেগম বলেন, 'ভাবির চিৎকারে আশপাশের লোকজন আইসে আগুন নিয়ন্ত্রণ আনিছে। আমাদের ধারণা, প্রতিপক্ষের লোকজন এ কাজ করিছে।'

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রিয়াজুল ইসলাম। মুঠোফোনে তিনি বলেন, 'ঘটনার আধা ঘণ্টা আগে ঘটনাস্থলের পাশে পুলিশের গাড়ি ছিল। এর মধ্যে কে বা কারা এডা (অগ্নিসংযোগ) করল! আর গোলযোগ হয়েছে বাগডাঙ্গায়, আবার এখানে হঠাৎ করে আগুন, এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।'

এদিকে পেট্রলবোমার বিষয়টিকে গুজব বলেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া। তিনি মুঠোফোনে বলেন, কীভাবে আগুনের উৎপত্তি হয়েছে এবং কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া গতকাল দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন