এক হালি লেবুর দাম ১০০ টাকা
![]() |
| লেবুর দাম আকাশচুম্বি, এজন্য ক্রেতা নেই। লেবু সাজিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন এক বিক্রেতা। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে। মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সবজির বাজারে কয়েক দিন ধরে লেবুর দাম স্বাভাবিকের চেয়ে তিন গুণেরও বেশি বেড়েছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
বিক্রেতাদের দাবি, বাজারে লেবুর সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এ কারণেই দাম চড়া। তবে বাজারে লেবুর সরবরাহ কেন কম, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি।
গত সোমবার ও মঙ্গলবার সকালে উপজেলা সদরের কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, মাত্র কয়েকটি দোকানে সামান্য কিছু লেবু আছে। দু-একজন ক্রেতা দরদাম করলেও দাম শুনে অনেকেই না কিনে ফিরে যাচ্ছেন। রোজার আগেই এভাবে হঠাৎ লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
বাজারের বিক্রেতা মো. শুক্কুর, মো. আল আমিন ও মো. আলমগীর হোসেন জানান, বাজারে লেবুর ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ খুব কম। আড়ত থেকে তারা প্রয়োজনমতো লেবু সংগ্রহ করতে পারছেন না। এমনকি সিলেট থেকে যে লেবু আসত, সেটিও বন্ধ রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম এতটা বেড়েছে। বর্তমানে প্রতি হালি লেবু ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি।
উপজেলার কলাদী এলাকার গৃহবধূ ফেরদৌসী আক্তার অভিযোগ করে বলেন, ‘লেবুর দামে রীতিমতো আগুন লেগেছে। দাম কমার কোনো লক্ষণ নেই, এ নিয়ে কারও নজরদারিও নেই। দুই দিন বাজারে এসেও বেশি দামের কারণে লেবু কিনতে পারিনি। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, লেবুর দাম নিয়ে কারও মাথা ব্যথা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, নিত্যপণ্য ও কাঁচাবাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি রয়েছে। লেবুর দাম কেন এত অস্বাভাবিকভাবে বাড়ল, বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

Comments
Comments