[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন   

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁরা হলেন—বাসাগাড়ি গ্রামের রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সোহেল মোল্লা, জাহিদুল শেখ ও বাবুল হোসেন।

বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও দলীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লা ও বিএনপি সমর্থক মুরাদ হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে মুরাদ হোসেন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার পক্ষে রাজনীতি করতেন। তখন তাঁর সমর্থকদের সঙ্গে বদিউজ্জামানের সমর্থকদের প্রায়ই সংঘর্ষ হতো। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মুরাদ বিএনপিতে যোগ দেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের পক্ষে দুই নেতাই কাজ করেছিলেন। কিন্তু নির্বাচনের পর ডাঙ্গী ইউনিয়নে মুরাদ ও বদিউজ্জামানের সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, সকালে বদিউজ্জামানের এক সমর্থককে গালি দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষই একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে। এতে দুজনের মাথা ফেটে গেছে এবং একজনের পা ভেঙেছে। এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিবদমান দুই পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী বলেন, ‘আমি অনুরোধ করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন