টিএসসিতে নারীকে হেনস্তা, তদন্ত কমিটি গঠন করল ঢাবি প্রশাসন
![]() |
| ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে নারীর দিকে তরুণের লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোরে এক তরুণের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসছেন। ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন। ভিডিওতে আরও এক ছাত্রকে দেখা গেছে, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষার বলে তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।
তবে এই দুই ছাত্রের কারও বক্তব্য পাওয়া যায়নি। বুধবার রাতে রাকিবের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তুষারকে ফোন করা হলে তিনি কেটে দেন।
ভিডিওতে দুই নারীকে দেখা যায়, যাঁদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে গিয়েছিলেন ওই তরুণ। ভুক্তভোগী ওই নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাতে দেখা যায়। ভিডিওতে ওই নারী বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে তাঁরা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। সেখানে তাঁদের হেনস্তা করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ওই ছাত্র তাঁদের দেহব্যবসায়ী বলে সম্বোধন করেছেন। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে ওই নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না... বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।’
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া জানান, তাঁরা বিষয়টি সম্পর্কে জানেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, তাঁরা ভিডিওটি দেখেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments