প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের
![]() |
| জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ আবাসভূমি গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ভাষণের শুরুতে তিনি বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ ও জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। বিদেশি শক্তির প্রভাবমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি নতুন সরকার পথচলা শুরু করেছে। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার এই সময়ে আমি দেশবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কারণেই দেশে আবার সবার অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে একটি বার্তা দিতে চাই—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা পাহাড় ও সমতলে বসবাসকারী—দলমত নির্বিশেষে এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য আমরা এই দেশকে একটি নিরাপদ ভূমি হিসেবে গড়ে তুলতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।
নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি দমনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিনের দুঃশাসন ও অনিয়মে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থাকে আইনের শাসনের ভিত্তিতে নতুন করে গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী বলেন, জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ। এসব বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব বা রাজনৈতিক পরিচয় নয়, বরং আইনই হবে শেষ কথা।
তিনি আরও বলেন, সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী চলবে। অনিয়ম ও সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে দিয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তারেক রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। বিশেষ করে ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানকে যেন অতিরিক্ত মুনাফার সুযোগ হিসেবে না দেখে সংযমের মাস হিসেবে বিবেচনা করা হয়। নিত্যপণ্যের দাম যাতে সাধারণ মানুষের কেনা-ক্ষমতার বাইরে না যায়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার অনুরোধ জানান।
খরচ কমানোর বিষয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য করমুক্ত গাড়ি বা প্লটের সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও মিতব্যয়িতা অনুসরণের কথাও বলেন তিনি।
রাজধানী ঢাকায় যানজট ও জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ যাতে নিজ জেলা থেকেই সহজে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে সারাদেশে রেল যোগাযোগব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম নতুন করে বিন্যাস ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সহজ, সস্তা ও নিরাপদ রেলব্যবস্থা গড়ে তুলতে পারলে শহরের ওপর চাপ কমবে এবং পরিবেশেরও উন্নতি হবে।
তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিশাল এই জনসংখ্যাকে দক্ষ করে গড়ে তুলতে পারলে সেটিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সেই সঙ্গে কর্মসংস্থান ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

Comments
Comments