প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন।
ভোটকেন্দ্রে এসে প্রথমে লাইনের পেছনে দাঁড়ান সারজিস আলম। ওই সারিতে তখন তাঁর সামনে অন্তত ১০০ জন ভোটার ছিলেন। প্রায় ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোটারদের সম্মতিতে তিনি ভোটকক্ষে গিয়ে নিজের ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সারজিস আলম বলেন, 'কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল আচরণ। মাত্র ভোট শুরু হয়েছে। বিকেল পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয় এবং কোথাও কোনো অভিযোগ না ওঠে, তাহলে জনগণের মতামত মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে। তবে কেউ যদি পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, সে ক্ষেত্রে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তারা এতে ব্যর্থ হলে, ভোটকে কোনোভাবে প্রভাবিত করে কাউকে জয়ী হতে দেওয়া হবে না। আমরা চাই, ভোট গ্রহণের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সবাই নিজ নিজ জায়গা থেকে পেশাদারত্বের পরিচয় দেবেন। আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না।'

Comments
Comments