[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জলমহাল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ, জয়পুরহাটে মৎস্যজীবীদের মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-
জয়পুরহাটের কালাইয়ে দিঘি ইজারার প্রতিবাদে একটি সমিতির সদস্যদের মানববন্ধন। মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহালটি প্রকৃত মৎস্যজীবী নন এমন ব্যক্তিদের একটি সমিতিকে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে হাতে জাল নিয়ে মানববন্ধন করেছেন মাদারপুর মালীপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।

মানববন্ধনকারী মৎস্যজীবীদের দাবি, বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতির নামে কুজাইল দিঘিটি ইজারা দেওয়া হয়েছে। তবে ওই সমিতির অধিকাংশ সদস্যই মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত নন। সরকারি নিয়ম অনুযায়ী জলমহাল ইজারার ক্ষেত্রে প্রকৃত জেলেরা অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও এখানে তা মানা হয়নি। এর ফলে পেশাদার জেলেরা জীবন-জীবিকার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

দুপুরে মানববন্ধনের চলাকালে জেলা প্রশাসক আল-মামুন মিয়া উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শনে এলে মৎস্যজীবীরা তাঁকে ইজারা পাওয়া সমিতির অনিয়মের কথা জানান। জেলা প্রশাসক তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাদারপুর মালীপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি অনিল চন্দ্র মালি বলেন, ‘আমাদের সমিতির সবাই প্রকৃত মৎস্যজীবী। আমরা দীর্ঘদিন ধরে এই দিঘি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। এবার অনিয়ম করে আমাদের বাদ দেওয়া হয়েছে। ইজারা পাওয়া সমিতির সদস্যদের পেশা ও জেলে পরিচয়পত্র (ফিশারম্যান আইডি) যাচাই করার দাবি জানাই। আমরা প্রমাণসহ উপজেলা জলমহাল কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও তা তদন্ত না করেই ইজারা সম্পন্ন করা হয়েছে।’

এদিকে অভিযোগ অস্বীকার করে ইজারা পাওয়া বাদাউচ্চ মধ্যপাড়া মৎস্য সমবায় সমিতির এক সদস্য বলেন, নিয়ম মেনেই তাঁদের সমিতি গঠন করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁরা ইজারা পেয়েছেন।

এ বিষয়ে জানতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘আমি উপজেলা ভূমি কার্যালয়ে গেলে মৎস্যজীবীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন