[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে গরুর মাংসের দাম বাড়ল

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারের একটি গরুর মাংসে দোকান। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন   

পবিত্র রমজান শুরুর আগে শবে বরাতের দিন থেকেই চট্টগ্রাম শহরের বাজারগুলোতে গরুর মাংসের দাম বেড়েছে। হাড় ছাড়া ও হাড়সহ গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা করে। ব্রয়লার মুরগি, মাছসহ নিত্যপণ্যের সঙ্গে গরুর মাংসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাজারে ৯৫০ টাকা দরে হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। এক মাস আগে এই দাম ছিল ৯০০ টাকা। শহরের কিছু বাজারে হাড় ছাড়া গরুর মাংস এক হাজার টাকায়ও বিক্রি হয়েছে।

বহদ্দারহাট বাজারে কথা হয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ নূর নবীর সঙ্গে। তিনি জানান, কক্সবাজারে একটি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। রমজানের কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছেন। রোজার বাজার আগেই সেরেছেন, তবে মাংস কিনতে এসে হতাশ হয়েছেন। তাঁর মতে, রমজানে দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে।

নূর নবীর মতো আরও কয়েকজন ক্রেতা গরুর মাংসের দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন। বাজার ঘুরে জানা গেছে, শবে বরাতের পর থেকেই গরুর মাংসের দাম চড়া। শহরের অন্তত চারটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, হাড়সহ গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে তা ৮০০ টাকায়ও বিক্রি হচ্ছে। অন্যদিকে হাড় ছাড়া মাংস প্রতি কেজি ৯৫০ থেকে এক হাজার টাকা।

শহরের বহদ্দারহাট, খাজা রোড, রাহাত্তারপুলসহ আশপাশের এলাকার দোকানগুলোতে এই দামেই মাংস বিক্রি হচ্ছে। তবে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন পাড়া-মহল্লায় গরু জবাই করা হয়েছে। সেসব স্থানে ৬৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে মাংস পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে শুধু হাড় ছাড়া মাংস নেওয়ার সুযোগ কম।

ক্রেতারা জানান, গত কয়েক বছরে হাড় ছাড়া মাংসের দাম দফায় দফায় বেড়ে ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে ওঠানামা করেছে। ২০২৪ সালেও দাম এক হাজার টাকা ছাড়িয়েছিল। উৎসবের সময় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন বলে ক্রেতাদের অভিযোগ। তবে এলাকাভিত্তিক কিছু বিক্রেতার কাছে বাজারের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা কমেও মাংস পাওয়া যায়। বিক্রেতাদের দাবি, খামারে উৎপাদন খরচ বাড়ায় মাংসের দামও বাড়ছে।

চট্টগ্রাম কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিবেদন ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দেশে গরুর মাংসের গড় খুচরা দাম ছিল কেজিপ্রতি ৩১৭ টাকা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৪১৯ টাকায়। এরপর ২০২৩ ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গড় দাম ৭৫০ থেকে ৮৫০ টাকায় উঠে আসে। ২০২৫ সালে তা ৯০০ টাকার কাছাকাছি পৌঁছায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ার খবর পেলে আমরা অভিযান চালাচ্ছি। রমজানে মাংস, সবজিসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের বলা হয়েছে। কোথাও এর অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন