ম্যাজিস্ট্রেটকে হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন
![]() |
| বাজার তদারকিতে ঢাকায় ভোক্তার অধিকারের ম্যাজিস্ট্রেটকে বাধা ও হুমকি দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন। আজ রোববার | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের নেতারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া একটি দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার পর্যবেক্ষণ কেবল প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার দায়িত্ব। এই দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন লিখিত বক্তব্যে বলেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি তদারকি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আইনের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
গত বুধবার রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় বাজার তদারকিতে অভিযান চালান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়ম পাওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় গত ১০ দিনে ছোলার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ার বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্ট ব্যবসায়ী কেনা দাম বেশি বলে দাবি করলেও কোনো রসিদ দেখাতে পারেননি।
গোলাম মোস্তফা মামুন আরও বলেন, ‘অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী ভুট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। ওই সময় দোকানপাট বন্ধের ঘোষণাও দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’
মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা; অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া; জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা; ব্যবসায়ীদের আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং ঢাকায় ঘটা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম ও সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম। কর্মসূচি শেষে দুপুরে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

Comments
Comments