ঝিনাইদহে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি, দেওয়া হলো মালা
![]() |
| ঝিনাইদহে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা | ছবি: সংগৃহীত |
ঝিনাইদহে ভেঙে ফেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে এ সংক্রান্ত একটি ছবি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী ফেসবুকে শেয়ার করেছেন।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতা-কর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও সেখানে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের এসি, চেয়ার-টেবিলসহ সব ধরনের আসবাবপত্র লুট হয়ে যায়। পরে কার্যালয়টির দরজা-জানালও খুলে নেয় দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কার্যালয়টি অত্যন্ত নোংরা পরিবেশে পড়ে ছিল।

Comments
Comments