এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের কোনো এক সময় পাংশা শহরের বাজারের প্রধান সড়ক সংলগ্ন টেম্পুস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে ব্যানারটি টাঙানো হয়। দলীয় কার্যালয় থেকে মাত্র ২০০ গজ দূরেই সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ি।
ব্যানারের এক পাশে শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয় এবং অন্য পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছবি রয়েছে। এ ছাড়া ব্যানারের মাঝখানে বড় অক্ষরে ‘শুভ উদ্বোধন’ ও তার পাশে জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিমের ছবি দেওয়া আছে। মিতুল হাকিম সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে।
ব্যানারের ওপরের দিকে লেখা রয়েছে, ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম। পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা।’ এ ছাড়া নিচে লেখা আছে, ‘মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হলো।’ ব্যানারটি ঠিক কখন টাঙানো হয়েছে, স্থানীয়ভাবে কেউ তা বলতে পারেননি।
এর আগে গত বুধবার ভোরের দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়। সেখানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও দেখা যায়। ওই ব্যানারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি ছিল। এ ছাড়া গত মঙ্গলবার সকালে দু-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙায়। সেই ব্যানারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবি ও নাম ছিল।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের কোনো এক সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছেন। তবে দলীয় কার্যালয়টি খোলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

Comments
Comments