[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলটির সংসদ সদস্যরা আজ মঙ্গলবার শপথ নেন। সংসদ ভবনের শপথ কক্ষ, শেরে বাংলা নগর, ঢাকা | ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে, সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে, কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান।

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

এরপর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ডান পাশে ছিলেন খন্দকার মোশাররফ, আর বাম পাশে ছিলেন মির্জা ফখরুল।

সামনের সারিতে বাম থেকে বসেছিলেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, মাঝখানে তারেক রহমান, তাঁর পাশে মির্জা ফখরুল ইসলাম, এরপর মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন এবং সবার ডানে আন্দালিব রহমান পার্থ।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁরা বলেন, 'সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।' 

এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।

এর আগে সোমবার সংসদ সচিবালয় জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব পড়বে সংবিধান সংস্কার পরিষদের ওপর।

তবে বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি জাতীয় সংসদে পাস হওয়ার পর বিধান তৈরি হলে তখন তারা এই শপথ নেবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন