[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুরে প্রশাসনের সংশ্লিষ্ট লোকদের সঙ্গে মত বিনিময়সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন  

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চায় সরকার। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি হবে সব দেশের সঙ্গে সমমর্যাদা বজায় রেখে। সবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হতে হবে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। অবশ্যই বাংলাদেশের স্বার্থ এবং এ দেশের মানুষের স্বার্থকে এক নম্বর গুরুত্ব দিয়ে সব পররাষ্ট্রনীতি তৈরি হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

বিভিন্ন দেশের সঙ্গে ভিসা জটিলতা নিয়ে শামা ওবায়েদ জানান, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে যেসব দেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া বন্ধ বা স্থগিত রয়েছে, সেগুলো দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে শামা ওবায়েদ নগরকান্দায় পৌঁছালে থানা চত্বরে তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অনার) প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে তাঁর বাবা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান।

অপরাধীদের দমনে দল-মত দেখার দরকার নেই
অপরাধীদের আইনের আওতায় আনতে দলীয় পরিচয়ের দিকে না তাকাতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘দল-মত দেখার দরকার নেই। কেউ যদি দোষী হয়, সে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনবেন। এটিই আমাদের সরকারের অবস্থান। নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

শুক্রবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি। আমরা যদি দলগতভাবে কাজ (টিমওয়ার্ক) করতে পারি, তবেই ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারব। আপনারা আমাকে সহকর্মী হিসেবেই বিবেচনা করবেন। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।’

রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ জানান, দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে মাঠপর্যায়ে কারও কোনো বিশেষ পরামর্শ থাকলে তা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রমজান মাসে সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে সুন্দরভাবে রোজা ও ঈদ পালন করবে, দাম নিয়ন্ত্রণে থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না—এটাই লক্ষ্য। সেই সঙ্গে কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শামা ওবায়েদ আরও জানান, রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও মানুষের মনে শান্তি বজায় রাখা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে এই সরকার অনেক ত্যাগ ও প্রত্যাশা নিয়ে এসেছে। জনগণের অনেক আশা এই সরকারের ওপর, তাই একে অবহেলা করার কোনো সুযোগ নেই।

মাদকের বিস্তার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক নিয়ে শুধু ঘরে বসে কথা বললে হবে না। আমাদের কৌশলগত কিছু সিদ্ধান্ত নিতে হবে। যারা মাদক নেয়, তারা অনেক ক্ষেত্রে পরিস্থিতির শিকার। কিন্তু যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। স্বল্প মেয়াদে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘ মেয়াদে সামাজিক সচেতনতা চালিয়ে যেতে হবে।’

সভায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা অবশ্যই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে থেকেই এই পরিবর্তন শুরু করেছেন। আমরা চাই এই পরিবর্তন সব ক্ষেত্রে আসুক। তবে সুইচ দিলেই সব বদলে যাবে—এমন ভাবা ঠিক নয়। পরিবর্তন হবেই, আমরা অন্তত ভালো কিছু অর্জন করতে পারব।’

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে কিবরিয়া প্রমুখ। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন