[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশের পোশাক পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আপত্তি, পুনর্বিবেচনার দাবি

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, বিপুল অর্থ ব্যয় করে পোশাক পরিবর্তন না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক সহায়তা বাড়ানোই হবে বেশি যুক্তিযুক্ত।

সোমবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। কোনো ধরনের জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে অন্যান্য বাহিনীর পোশাকের হুবহু মিল রয়েছে। এর ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদাভাবে চেনা কঠিন হয়ে পড়েছে বলে মত উঠেছে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাহিনীর অধিকাংশ সদস্যই তাড়াহুড়ো করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন।

পোশাকের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন ও ১০ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে তৎকালীন সরকার পুলিশের আগের পোশাকটি নির্ধারণ করেছিল। একটি কমিটির দীর্ঘ যাচাই-বাছাই শেষে সে সময় আবহাওয়া, দিন-রাতে দায়িত্ব পালনের সুবিধা এবং অন্য বাহিনীর সঙ্গে যেন মিল না থাকে—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল।

অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, পুলিশ সদস্যরা আগের পোশাকটিকেই তাঁদের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক হিসেবে মনে করেন। সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে এই পোশাক পরেই পুলিশ সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সেই ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পোশাক পরিবর্তন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এই বিপুল অর্থ নতুন পোশাকের পেছনে খরচ না করে বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যয় করা জরুরি। পুলিশের পোশাকের রং বা নকশা নয়, বরং সদস্যদের মানসিকতা, মনোবল ও পেশাদারত্বের উন্নয়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পরিশেষে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো বিবেচনা করে যেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। আরও গভীর গবেষণা ও জনমত যাচাই করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন