বেতাগীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয় ছাত্রলীগের দখলে
![]() |
| বাংলাদেশ আওয়ামী লীগের লোগো |
বরগুনার বেতাগী উপজেলায় গণ-অভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ফের চালু করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। কার্যালয়ের তালা ভেঙে ভেতরে তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভিডিও সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার বদনীখালী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা হাতে প্রবেশ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টানান। পরে তাঁরা সেখানে দলীয় পতাকা তোলেন এবং নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে গত সোমবার বেতাগী পৌর মার্কেট এলাকায় বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেটি নিয়ন্ত্রণে নেয় স্থানীয় ছাত্রলীগ। সেখানেও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টা পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টি ভাঙচুর করে এবং ছবিগুলো নামিয়ে পুড়িয়ে ফেলে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেতাগী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তখন থেকেই দলটির নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁদের অনেককেই এলাকায় আবার তৎপর হতে দেখা যাচ্ছে।

Comments
Comments