‘যারা আন্দোলন করেছে, তারাই হাট-ঘাট খাবে’
![]() |
| কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী বাজারে সোমবার রাতে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হোসেন | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন হোসেন এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে এবং ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারাই সকল হাট-ঘাট খাবে। সে যে দলেরই হোক, তার অধিকার আছে খাওয়ার। আপনি খাবেন না, কারণ আপনি কোথাও যাননি। কেউ যদি টাকার গরমে বাজার ইজারা নিয়েও আসেন, তবে ওই বাজারে ঢুকলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে।’
সোমবার রাতে উপজেলার যদুবয়রা-পান্টি সড়কের চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে নিজের অনুসারীদের উদ্দেশে তিনি এই বক্তব্য দেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে রিপন হোসেনকে বলতে শোনা যায়, ‘রাজপথে এই সরকারকে সরানোর জন্য আমরা জীবন বিসর্জন দিয়ে আন্দোলন করেছি। আজকে যে ছেলেরা এখানে আছে, তারাই না খেয়ে পথে পথে ঘুরেছে। তখন ব্যবসায়ীরা কেউ ২০টি টাকা দিয়ে সাহায্য করেননি। আর এখন আপনারা সব সুবিধা ভোগ করার পাঁয়তারা চালাচ্ছেন। লজ্জা হওয়া দরকার আপনাদের।’
তিনি আরও বলেন, ‘বাজারখেকো দালালরা এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না। এই ক্ষুধার্ত ছেলেরা যদি আজ বাজার-ঘাট না পায়, তবে সরকার ইজারা দেবে। ছাত্ররা প্রয়োজনে বাবার কাছ থেকে টাকা এনে বাজার ইজারা নেবে। কিন্তু আপনারা যখন ১০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে কিনবেন, তখন এই ছাত্রদের সেই সামর্থ্য থাকবে না। আপনারা যদি রাজপথে আন্দোলন করতেন তবে বুঝতাম আপনারা পাবেন। যেহেতু প্রশাসনকে উপেক্ষা করে তোমরা দেশ স্বাধীন করেছ, তাই ওই সব দালালকে প্রতিহত করে অধিকার ফিরিয়ে আনতে হবে।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিপন হোসেন বলেন, ‘সম্প্রতি চৌরঙ্গী পেঁয়াজ হাটের ইজারা ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী ৫ লাখ টাকার হাট ১০ লাখ টাকায় নিতে চাচ্ছে। এতে ছাত্র-যুবসমাজ ইজারা নিতে পারবে না। তাদের সতর্ক করার জন্যই এই বক্তব্য দেওয়া হয়েছে। এখানে অন্যায় কিছু করা হয়নি।’
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম (মাসুদ) বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কেউ যদি দরপত্রের (টেন্ডার) মাধ্যমে নিয়ম মেনে ইজারা পান, তবে তিনি যেকোনো দলেরই হোন না কেন, তা ভোগ করার অধিকার তাঁর আছে। রিপনের বক্তব্য তিনি শোনেননি উল্লেখ করে বলেন, এটি তাঁর একান্তই ব্যক্তিগত কথা। বিএনপি এ ধরনের বক্তব্য সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না।

Comments
Comments