[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১৮০ দিনের মধ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি, চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

প্রকাশঃ
অ+ অ-
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিবিষয়ক আন্তমন্ত্রণালয়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। ১৯ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন   

শিগগির সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে নতুন সরকার। ১৮০ দিনের মধ্যে এই কর্মসূচির আওতায় বেশির ভাগ খাল খনন করা হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। এ ছাড়া সভায় প্রতিবছর পাঁচ কোটি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

খাল খনন কর্মসূচির বিষয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান এই কর্মসূচিকে একটি বিপ্লবে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে থেকেই বারবার বলেছেন, খাল পুনঃখননের মাধ্যমে যেন মানুষ উপকার পায়। আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে যে স্থানীয় সরকার, পানি, দুর্যোগ ও কৃষি মন্ত্রণালয় মিলে ঠিক করবে কবে নাগাদ এটি শুরু হবে। খুব শিগগির এই কাজ শুরু হবে এবং ১৮০ দিনের মধ্যে বেশির ভাগ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, প্রতিবছর পাঁচ কোটি গাছ লাগানো হবে। এই কার্যক্রম মে মাসে শুরু হবে। এ বছর হয়তো লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ সম্ভব হবে না, তবে আগামী বছর সেই ঘাটতি পূরণ করা হবে।

ফ্যামিলি কার্ড দিতে কমিটি

এর আগে সচিবালয়ে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এতে উপস্থিত ছিলেন।

ওই বৈঠকের সিদ্ধান্তের পর ১৫ সদস্যের একটি ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটির সদস্যরা হলেন— মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক, নির্বাচন কমিশন সচিবালয়, অর্থ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, স্থানীয় সরকার, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা।

এই কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি সঠিক নকশা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি তৈরি করবে। কমিটির কাজের মধ্যে আরও রয়েছে— দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা, নারীদের জন্য চালু থাকা অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না তা যাচাই করা এবং সুবিধাভোগীদের তথ্যের জন্য জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্যভাণ্ডারের মধ্যে ডিজিটাল সংযোগ তৈরির সুপারিশ করা। আগামী ঈদুল ফিতরের আগে কার্ড বিতরণের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভা
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন