চাঁপাইনবাবগঞ্জে ২৫ ‘বিএনপি কর্মীর’ জামায়াতে যোগদানের দাবি, সাজানো নাটক বলছে বিএনপি
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রানীহাটি ইউনিয়নে বিএনপির ২৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটি। সোমবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ তথ্য জানানো হয়। সভায় নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম।
জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ইয়ার মোহাম্মদ, আমিরুল ইসলাম, আরিফ হোসেন, জোহর আলী, সোহেল ও আবদুল সালামসহ ২৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে দলটি।
তবে জামায়াতের এই দাবি অস্বীকার করেছে বিএনপি। সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী বলেন, এটি একটি সাজানো নাটক। যাঁদের যোগদান দেখানো হয়েছে, তাঁদের কাউকেই কখনো বিএনপির রাজনীতিতে দেখা যায়নি। তাঁরা জামায়াতেরই নিজস্ব লোক বলে তিনি অভিযোগ করেন।
রহমত আলীর দাবি, এই আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের বাড়ি রানীহাটি ইউনিয়নে হওয়ায় ভোটারদের বিভ্রান্ত করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
এর জবাবে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বলেন, জামায়াতের পক্ষে ইতিবাচক সাড়া পড়ায় বিএনপির লোকজন চিন্তিত হয়ে এসব বলছেন। জামায়াত কোনো নাটকের রাজনীতি করে না। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা সবার সামনেই যোগ দিয়েছেন।

Comments
Comments