বগুড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে
![]() |
| সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মোহন | ছবি: সংগৃহীত |
বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক এক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
শুক্রবার বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন এবং তাঁর সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্যসহকারী আব্দুল হান্নান গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকার একটি খাবার দোকানে (রেস্টুরেন্ট) এক নারীর সঙ্গে কফি খাচ্ছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরা সেখানে ঢুকে আব্দুল হান্নান ও ওই নারীকে অপহরণ করে তুলে নিয়ে যান।
পরে তাঁদের একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলা হয়। এরপর আব্দুল হান্নানকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মানসম্মানের ভয়ে আব্দুল হান্নান তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা তাঁর কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন।
পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইলে ফোনে চাপ দিতে থাকেন তাঁরা। এই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা করেন আব্দুল হান্নান। মামলা করার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments
Comments