[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে বিরোধ, চারঘাটে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
নিহত এরশাদ আলীর স্বজনদের আহাজারি। শুক্রবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর চারঘাটে একটি মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে জেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলীর (৬৫) বাড়ি সিপাইপাড়া এলাকায়। তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর স্থানীয় লোকজন মাহফিল আয়োজন নিয়ে মসজিদে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে এরশাদ আলীসহ অন্যরা চান স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে আলোচনা পণ্ড হয়ে যায়। এর আড়াই মাস আগেও একই বিষয় নিয়ে বিরোধের কারণে মাহফিল আয়োজন স্থগিত হয়েছিল। সেই সময় মারামারিতে চারজন আহত হন এবং এ নিয়ে একটি মামলাও হয়।

নিহত এরশাদ আলীর পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তাঁর পথ আটকান। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আনোয়ার হোসেন উজ্জ্বলের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে।’

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন