কিশোর অপরাধ দমনে প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কিশোর গ্যাং বা কিশোর অপরাধী চক্রের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাতে রাস্তায় কিশোরদের ঘোরাফেরা করতে দেখলেই যেন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। কিশোরদের গতিবিধির ওপর বিশেষ নজর রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের বেলা কিশোরেরা অকারণে বাইরে ঘুরে বেড়ায়। আমি নির্বাচনের সময় দেখেছি, সারা রাত তারা রাস্তায় থাকে। কেন ঘুরছে জিজ্ঞেস করলে তারা দলবদ্ধ হামলা (মব অ্যাটাক) করে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন জানান, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং থেকেও মুক্ত করা হবে শিক্ষাঙ্গন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত করার নতুন এক যাত্রা শুরু হবে। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে হবে। যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত করার লড়াই শুরু হয়েছিল, তেমনি মাদকমুক্ত করার কাজও এই কচুয়া থেকেই শুরু হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের (রাসেল) সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ আরও অনেকে। পরে শিক্ষামন্ত্রী হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার কচুয়ায় আসা উপলক্ষে পথে পথে এহছানুল হক মিলনকে শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

Comments
Comments