বরগুনায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুলেছে ছাত্রলীগ
| বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে সাইনবোর্ড টানানো দেখা গেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কার্যক্রম নিষিদ্ধ থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘ দিন পর পুনরায় খুলেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁরা ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে সেগুলোতে ফুলের মালা দেন। পরে কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ডও ঝোলানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, 'দীর্ঘ ১৮ মাস দেশ একটি উগ্রবাদী গোষ্ঠীর দখলে ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরসহ স্থানীয় দলীয় কার্যালয়গুলোতে যাতায়াত শুরু করতে। সেই নির্দেশ পেয়েই আমরা উপজেলা কার্যালয়ে যাই এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ দলীয় ব্যানার টাঙাই।'
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম জানান, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে এখন থেকে নিয়মিত সভা ও আলোচনা সভার আয়োজন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, 'আমাদের সঙ্গে আলোচনা করেই দলীয় কার্যালয়টি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এতদিন দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না বলে নেতাকর্মীরা কার্যালয়ে যেতে পারেননি। এখন একটি গণতান্ত্রিক সরকার আসায় তালা খুলে কার্যালয়টি চালু করা হয়েছে।'
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরগুনা জেলার সাবেক সমন্বয়ক মুহিত হাসান নিলয় বলেন, 'যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তারা নির্বাচনের পর হঠাৎ করে সব কার্যক্রম চালু করছে। নিশ্চয়ই কারো প্রশ্রয়ে তারা এটি করছে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।'
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, 'দীর্ঘ আন্দোলনের পর আমরা একটি সফলতায় পৌঁছেছি। এখন কোনো গোষ্ঠী ভোটের স্বার্থে এমন কাজ করবে তা ভাবিনি। যেহেতু সরকার গঠন হয়েছে, আমরা দেখি তারা কী ভূমিকা নেয়।'
বেতাগী থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, 'বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাদের নামে আগে থেকে মামলা রয়েছে, তাঁদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে।'
Comments
Comments