[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১৮০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
পুলিশের লোগো

পুলিশে নতুন করে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এগুলো পুলিশের খালি পদ। পরীক্ষার মাধ্যমে দ্রুত এসব পদে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পেলে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে উপপরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটি নতুন করে গঠন করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে (ডিসি)। ৩১ সদস্যের এই কমিটিতে জেলা পুলিশ সুপারসহ (এসপি) সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন। এই কমিটির সদস্যসচিব করা হয়েছে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, এই কমিটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঘটে যাওয়া অপরাধগুলো পর্যালোচনা করবে। এছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর অপরাধী চক্রের (কিশোর গ্যাং) দৌরাত্ম্য এবং মাদক ব্যবসার মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি নেবে ও তা বাস্তবায়ন করবে।

অন্যদিকে ২২ সদস্যবিশিষ্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করা হয়েছে। এই কমিটিও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা করবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন