[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপির পক্ষে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবি, থানা ঘেরাও

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুরে বিএনপি প্রার্থীর প্রচারে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। বুধবার রাত ৮টার দিকে শিবচার থানার সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে এসেছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগে শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ‘শিবচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ নেতা-কর্মী। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চান। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলার রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে আসা এবং আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন শিবচরের ‘জুলাই যোদ্ধারা’। পরে তাঁরা একত্রিত হয়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রায় অর্ধশত ব্যক্তি থানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেন।

আন্দোলনকারীদের পক্ষে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্নভাবে বিক্ষোভ শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আমরা তাঁকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা না হয়, তাহলে পাঁচ হাজার মানুষ নিয়ে আমরা থানা ঘেরাও করব। এটাই আমাদের কর্মসূচি। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। দীর্ঘ ১৭ বছর যারা স্বৈরাচারী শাসন চালিয়েছেন, তারা কীভাবে প্রকাশ্যে এসে রাজনীতি করেন? শিবচরের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভকারী ব্যক্তিরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। তারা আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা তাদের স্মারকলিপি গ্রহণ করেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন