মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
![]() |
| গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামবাসীর মানববন্ধন। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোল্লাহাট ফেরিঘাট সড়কে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শিব্বির মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মন্টু শেখ, ভুক্তভোগী রমজান মোল্লা, আবু দাউদ খান, মাহাতাব সরদার, মিসকাত মোল্লা, রশিদা বেগম, আলমগীর মোল্লা ও বাবুল মোল্লা।
আবু দাউদ খান নামের এক ভুক্তভোগী জানান, প্রায় ১২ বছর আগে অভিযুক্ত লাবনী বেগমের বাবা-মাকে তাঁদের জমিতে থাকার সুযোগ করে দিয়েছিলেন তাঁর বাবা। পরবর্তীতে লাবনী তাঁর স্বামী-সন্তান নিয়ে সেখানে চলে আসেন। এখন জমি ছেড়ে দিতে বললে লাবনীর দুই ভাই চলে গেলেও তিনি যাচ্ছেন না। উল্টো জমি দাবি করায় তাঁদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
রমজান মোল্লা নামের আরেকজন বলেন, 'এখানে বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। লাবনী বিভিন্ন সময় আমাদের নামে মামলা দেন এবং পরে টাকা নিয়ে সেই মামলা তুলে নেন। আমরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছি।'
মিসকাত মোল্লা অভিযোগ করেন, লাবনী বেগমের স্বামী মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে জড়িত। গ্রামের কেউ প্রতিবাদ করলেই তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়।
গোবরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শিব্বির মোল্লা জানান, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে কয়েকবার বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও লাবনী একই কাজ করে যাচ্ছেন। গ্রামের অন্তত ৬০টি পরিবার তাঁর কারণে হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, লাবনী বেগম একজন মামলাবাজ নারী হিসেবে এলাকায় পরিচিত। তুচ্ছ ঘটনায় তিনি নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দেন। এই হয়রানি বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

Comments
Comments