ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: এ্যানি
![]() |
| ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। তাই এতদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে সাতটার দিকে পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ্যানি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। দেশবাসী শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। আমি আশা করি এই শান্তিপূর্ণ পরিবেশ চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘এই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমরা ভালো নেতৃত্ব নির্বাচিত করতে পারব। যার ফলে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে এবং আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার আছেন ১৬ লাখ ৫ হাজার ১২১ জন। ভোটগ্রহণ হবে ৪৯৬টি কেন্দ্রে।

Comments
Comments