নরসিংদীতে সাবেক শিক্ষককে কুপিয়ে জখম, অগ্নিসংযোগ
![]() |
| শিবপুরে জমিজমার বিরোধে হামলায় একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নরসিংদীর শিবপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তির বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের মোগলবাড়িতে এই ঘটনা ঘটে।
আহত স্কুলশিক্ষকের নাম আবু ছাঈদ মোগল (৭০)। তিনি ওই গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার সকালে আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি ওই জমিতে গেলে স্বপন মোগল বাধা দেন এবং তাঁকে মারধর করেন। মেয়ের চিৎকার শুনে আবু ছাঈদ মোগল সেখানে ছুটে যান। তখন উত্তেজিত স্বপন মোগল ও তাঁর ছোট ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আবু ছাঈদের দুই পায়ের রগ কেটে দেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুজন পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু ছাঈদ মোগল মারা গেছেন বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ লোকজন ও স্বজনেরা স্বপন ও কিরণের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়ির তিনটি ঘরের সব আসবাব ভাঙচুর ও তছনছ করা হয়। পরে সেই আসবাব উঠানে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিক্ষকের মেয়ে রোকেয়া লিপি বলেন, ‘আমার বয়স্ক বাবাকে যারা কুপিয়ে আহত করেছে, আমি তাদের বিচার চাই।’
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে আহত করার ঘটনায় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় আবু ছাঈদ মোগলের স্বজনেরা থানায় অভিযোগ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments
Comments