[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুলিশে আসবে বড় পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের গুঞ্জন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু পরিবর্তন তো আসবেই, তবে একটু সময় প্রয়োজন।’

সংসদ অধিবেশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অধিবেশন কবে ডাকা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি করতে হয়। সংসদ সচিবালয় থেকে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন।’

তিনি আরও জানান, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো অধিবেশনে উপস্থাপন করা হবে। অধিবেশনে প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণ ও অন্যান্য নৈমিত্তিক কার্যক্রমও চলবে।

নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ ধরনের একটি খবর আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছি। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন