বোদায় টিসিবির তেলের বোতলে পানি
![]() |
| পঞ্চগড়ের বোদা উপজেলা খাদ্য গুদামে টিসিবির ভোজ্যতেলের কার্টুনে ৯ বোতল পানি পাওয়া যায় | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের সময় ভোজ্যতেলের ৯টি বোতলে পানি পাওয়া গেছে। এই ঘটনার পর চালানে আসা সব তেল টিসিবির গুদামে ফেরত পাঠানো হয়েছে। গত বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদামে এই ঘটনা ঘটে।
টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, গুদাম থেকে সঠিকভাবে পণ্য পাঠানো হলেও পরিবহন ঠিকাদারের ট্রাকচালক এই কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাদ্যগুদাম ও টিসিবি সূত্রে জানা গেছে, টিসিবির পণ্য পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার ট্রেডার্সের মাধ্যমে গত বুধবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার টিসিবির গুদাম থেকে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদা উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়। বোদা উপজেলার কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য এসব পণ্য সেখানে মজুত করা হচ্ছিল। চালানে ১৪ কেজি মসুর ডাল, ৭ কেজি চিনি, ৫৫৭ কেজি ছোলা ও ৮ হাজার ১৪ লিটার ভোজ্যতেল ছিল।
৪৪৫টি কার্টনের প্রতিটিতে ২ লিটার ওজনের ৯টি করে তেলের বোতল ছিল। ট্রাক থেকে পণ্য নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয় শ্রমিকদের। সন্দেহ হওয়ায় কার্টনটি খুলে দেখা যায়, সেখানে আটটি পুরোনো তেলের বোতলে পানি এবং একটি সাধারণ পানির বোতল রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপর ভোজ্যতেলের পুরো চালানটি টিসিবির গুদামে ফেরত পাঠানো হয়।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, টিসিবির গুদাম থেকে ঠিকাদারের মাধ্যমে তাঁদের গুদামে পণ্য আসে। সেখান থেকে ডিলারদের দেওয়া হয়। বুধবার পণ্য খালাসের সময় শ্রমিকদের সন্দেহ হলে একটি কার্টনে তেলের বদলে ৯ বোতল পানি পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে সেগুলো ফেরত পাঠানো হয়েছে।
দিনাজপুরের কাহারোল টিসিবির গুদাম কর্মকর্তা মো. শাহজামাল মুঠোফোনে জানান, ‘আমরা এখান থেকে সঠিকভাবে সব পণ্য পাঠিয়েছি। কিন্তু পথে ট্রাকচালক পণ্যের ভেতর পানি ঢুকিয়ে দিয়েছেন। একটি কার্টনে ৯ বোতল পানি পাওয়া গেছে, তবে অন্য সব কার্টনে তেল ছিল। এই ঘটনায় ট্রাকচালক ময়নুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ওই চালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। এখন বোদা উপজেলার জন্য নতুন করে বরাদ্দ করা ভোজ্যতেল পাঠানো হবে।’

Comments
Comments