নেত্রকোনার ৫টি ভোটকেন্দ্রে আগুন
![]() |
| সোমবার রাতে নেত্রকোনার এই ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। আজ সকালে নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নেত্রকোনার পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত। এর মধ্যে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সদর উপজেলায় চারটি এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে একটি কেন্দ্র রয়েছে। গত সোমবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুনে তিনটি বিদ্যালয়ের কক্ষে থাকা ছয়টি বেঞ্চ ও দেয়ালের কিছু অংশ পুড়ে গেছে। বাকি দুটি বিদ্যালয়ের বাইরে থাকা পরিত্যক্ত দুটি বেঞ্চ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের তথ্য বা মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
যে পাঁচটি কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সেগুলো হলো—সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পারলা, নূরপুর শ্রীধরপুর ও হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো জানালা খুলে চটের বস্তায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বিদ্যালয়গুলোর ছয়টি বেঞ্চ পুড়ে যায় এবং দেয়ালের আংশিক ক্ষতি হয়। অন্যদিকে লাইট ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাখা পরিত্যক্ত দুটি বেঞ্চেও একইভাবে আগুন দেওয়া হয়।
গ্রামবাসী টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, সদর উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। দুটি বিদ্যালয়ের জানালা খুলে ভেতরে আগুন দেওয়ায় পাঁচটি বেঞ্চ পুড়েছে। অন্য দুটিতে বারান্দায় থাকা পরিত্যক্ত দুটি বেঞ্চ পুড়েছে। কেন্দ্রগুলোতে গ্রাম পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কিছু বেঞ্চ আংশিক পুড়লেও ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি চিকিৎসক আনোয়ারুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের ফাহিম খান পাঠান, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের এ বি এম রফিকুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীকের আবদুর রহিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের আবদুল কাইয়ুম।
অন্যদিকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের মো. নূরুল ইসলাম এবং বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের আবু তাহের তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments
Comments