চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণ: নারী-শিশুসহ দগ্ধ ৯
![]() |
| বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘর। আজ সোমবার সকালে তোলা | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত |
চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় বিস্ফোরণে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দগ্ধ ও ক্ষত নিরাময় ইউনিটে (বার্ন ইউনিট) ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে 'হালিমা মঞ্জিল' নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার ব্যবহার করা হয় না। সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের গ্যাসের সংযোগ রয়েছে। সম্ভবত চুলা থেকে গ্যাস বের হয়ে (লিক হয়ে) রান্নাঘরে জমে গিয়েছিল। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই সবাই দগ্ধ হয়েছেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মকবুল হোসেন জানান, ওই বাসায় মূলত দুই ভাইয়ের পরিবার থাকে। সম্প্রতি বিদেশ থেকে তাঁদের আরেক ভাই চিকিৎসার জন্য সপরিবারে ওই বাসায় এসে থাকছিলেন। তিনটি পরিবারের সদস্যরাই এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন।

Comments
Comments