চাঁদপুরে রাতে রাস্তায় ঘোরাঘুরি করায় ২১ কিশোর-তরুণ আটক
![]() |
| চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২১ জনকে আটক করে। রোববার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাতে রাস্তায় ঘোরাঘুরি করলে কিশোরদের জিজ্ঞাসাবাদ করার বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর চাঁদপুরে ১২ কিশোরসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, লেকের পাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসব স্থান থেকে ২১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১২ জনের বয়স ১৪ থেকে ১৭ বছর। বাকিদের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছর, দুজনের ১৯ এবং একজনের বয়স ২৩ বছর।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশে রোববার সন্ধ্যার পর শহরে অভিযান চালানো হয়। আটক ২১ জনকে থানায় আনার পর তাঁদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার রবিউল হাসান বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে গত শুক্রবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় তাঁর নির্বাচনী এলাকায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে, সন্ধ্যার পর অকারণে কোনো কিশোর রাস্তায় ঘোরাঘুরি করলে যেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই প্রেক্ষিতেই তাঁদের থানায় এনে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সে সময় কিশোরদের বিষয়ে বিশেষ নজর রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। রাতে রাস্তায় ঘোরাঘুরি করলেই কিশোরদের জিজ্ঞাসাবাদ করতে হবে যে, তারা কেন বাইরে আছে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারা রাত কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন ঘুরছে জিজ্ঞেস করলে তারা দলবদ্ধভাবে হামলা (মব অ্যাটাক) করে।’

Comments
Comments