[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কালিয়াকৈরে অরক্ষিত ম্যানহোলে পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
লাশ উদ্ধার | প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একটি অরক্ষিত ড্রেনের ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কিশোরের মরদেহ উদ্ধার করেন।

মারা যাওয়া কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কিশোরটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন (ফরেস্ট) অফিসের দিক থেকে চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিল। পথে রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি ঢাকনাবিহীন খোলা ম্যানহোলে পড়ে যায় সে। কিশোরটি পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো উপায় না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহটি কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন