চট্টগ্রামে ব্যবসায়ীকে মারধর, ৫০ লাখ টাকা চাঁদা দাবি
| চাঁদাবাজি | প্রতীকী ছবি |
‘তোর জায়গা-জমির ব্যবসা-বাণিজ্য ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ এভাবেই চাঁদার দাবিতে চট্টগ্রাম শহরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। হুমকির পর তাঁকে এলোপাতাড়ি মারধরও করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের এই ঘটনাটি ঘটে গত বুধবার রাতে খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজ। তিনি জায়গা-জমি কেনাবেচায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ জানান, তিনি নগরের বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা করে কমিশন হিসেবে টাকা পান। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই সময় থেকেই আহমেদ কবির তাঁর কাছে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়।
মোহাম্মদ সিরাজ আরও জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক তাঁকে আটকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে চলে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন মোহাম্মদ সিরাজ। এরপর শুক্রবার তিনি খুলশী থানায় মামলা করেন।
খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল জানান, মোহাম্মদ সিরাজের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এই উদ্দেশ্যে লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা করা হয় এবং একপর্যায়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া আহমেদ কবিরকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments
Comments