[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিচারকাজে অভ্যন্তরীণ বিরোধের প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর

প্রকাশঃ
অ+ অ-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচার থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম এসব কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম ও কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন আরেক কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ।

একইভাবে বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা এবং নিরাপত্তা প্রহরীকে মারধরসহ বিভিন্ন অভিযোগে সুলতান মাহমুদকে অপসারণ করতে জানুয়ারির প্রথম দিকে আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের অনুরোধের বিষয়টিও সামনে চলে এসেছে।

এসব বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার কোনো সুযোগ নেই। একটি পরিবারেও অনেক কিছু হয়, তাই বলে কি পরিবার চলে না? ট্রাইব্যুনালে যাঁরা কাজ করেন, তাঁরা একটি পরিবারের সদস্য।

নবনিযুক্ত প্রধান কৌঁসুলি আরও বলেন, কোনো বিভেদ-দ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। তিনি কোনো ধরনের আপস (কম্প্রোমাইজ) করা শেখেননি এবং তাঁর মাধ্যমে কোনো আপস হবে না।

আমিনুল ইসলাম বলেন, কোনো নির্দোষ মানুষ তাঁর মাধ্যমে বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধী পার পেয়ে যাবেন—এমন চিন্তা করেও লাভ নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন