পুলিশকে দ্রুত জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
![]() |
| সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমে দ্রুত জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে এক আলোচনা সভায় এই নির্দেশ দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জনগণের চাওয়া অনুযায়ী যে গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার ঠিক করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই লক্ষ্য পূরণে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের বিষয়ও রয়েছে। নতুন জনবল নিয়োগ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক উন্নয়নে আমাদের একটি সঠিক পরিকল্পনা দরকার।’ এ সময় তিনি পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের পরামর্শ এবং সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, ‘এর মাধ্যমেই আমরা যে সংস্কার করতে চাই, তার অগ্রাধিকার ঠিক করা হবে।’
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Comments