[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে তরুণের আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ বাবা-মা-ভাই

প্রকাশঃ
অ+ অ-
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তাঁর বাবা, মা ও বড় ভাই। গত বুধবার বিকেলে সদর উপজেলার বেতিলা এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবা-মায়ের কাছে টাকা না পেয়ে জনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

এই ঘটনায় জনিসহ তাঁর বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকার জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিলেন। কিন্তু বাবা টাকা দিতে রাজি হননি। বুধবার বিকেল চারটার দিকে জনি ঘরের ভেতর নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে মা, বাবা ও ভাই দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, জনি যে মাদকাসক্ত, তা এলাকার অনেকেই জানেন। মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তাঁকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্য সদস্যরাও দগ্ধ হয়েছেন। জনির অবস্থা আশঙ্কাজনক।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই ঘটনার বিষয়ে পুলিশ অবগত আছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন