[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ছুটে আসে। বুধবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন    

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সঙ্গে একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের দীর্ঘদিনের বিরোধ ছিল। সকালে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়ার সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুপুরে নাসিরের স্ত্রী ও মেয়ে মিলে সুমাইয়াকে মারধর করেন। এই ঘটনার সূত্র ধরে রাতে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছোড়েন এবং পাল্টাপাল্টি ধাওয়া দেন। এতে অন্তত সাতজন আহত হন। খবর পেয়ে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ও র‍্যাব গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ এলাকায় টর্চলাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। চার ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সোমবার রাতে শহরের আমিরাবাদ ইউআই স্কুলের পেছনে বলরাম মন্দির এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুটি পক্ষ। ওই ঘটনায়ও অন্তত সাতজন আহত হয়েছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন