পুলিশের লুট হওয়া বন্দুকের কার্তুজ মিলল থানার পুকুরে
![]() |
| ফেনীর দাগনভূঞায় থানার পাশের পুকুর থেকে উদ্ধার পুলিশের লুট হওয়া কার্তুজ | ছবি: সংগৃহীত |
ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পুলিশের লুট হওয়া ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। সকালে পুকুরে সেচের পর কার্তুজগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র থানা-সংলগ্ন পুকুরে রয়েছে—এমন গোপন সংবাদ পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতভর পুকুরটিতে সেচ দেওয়া হয়। পরে সকালে তল্লাশি চালিয়ে পুকুর থেকে ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, ২০২৪-এর ৫ আগস্ট থানায় হামলা চালানোর পর ৩৬৫টি কার্তুজ পাওয়া যাচ্ছিল না। সেগুলোর মধ্যে ২১৯টি কার্তুজ পুকুর থেকে পাওয়া গেছে। উদ্ধার করা কার্তুজগুলো হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, উদ্ধার করা কার্তুজের গায়ে 'বাংলাদেশ পুলিশ' লেখা আছে। এ ঘটনায় পুকুরে আর কোনো অস্ত্র বা গোলাবারুদ রয়েছে কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে।

Comments
Comments