কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
![]() |
| কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
কুড়িগ্রামে আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার টাঙানো ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির জেলা কার্যালয়ের জায়গায় ব্যানারটি ঝুলতে দেখা যায়।
ব্যানারটি টাঙানোর সময়ের একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন। তিনি সেখানে লেখেন, ‘কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।’ ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভেঙে ফেলা ভবনের সামনে লাগানো ব্যানারে লেখা—‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’। এ সময় সেখানে পাঁচ থেকে সাতজন তরুণকে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা গেছে, পতাকা ও ব্যানার লাগানোর পর ওই তরুণেরা ‘জয় বাংলা’, ‘শেখ মুজিব লও সালাম’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ সেখানে গিয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য একজনকে জাতীয় পতাকা নামাতে দেখা যায়। আবদুল আজিজ বলেন, ‘আমরা আগে এই কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিলাম। আজ সেখানে কয়েকজন ছাত্রলীগ কর্মী এসে ব্যানার টাঙিয়েছে। যাঁরা এই সুযোগ দিলেন, তাঁরা এর ফল দ্রুতই টের পাবেন।’
এরপর দুপুর ১২টার দিকে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ের ঘিরে রাখা টিনের বেড়া ভেঙে দেন।
এর আগে গত বছর ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও একদল বিক্ষুব্ধ জনতা বড় যন্ত্র বা এক্সকাভেটর দিয়ে এই কার্যালয়টি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছিলেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।

Comments
Comments