রাজবাড়ীতে ঘুমন্ত পরিবারের ওপর হামলা ও অগ্নিসংযোগ, আহত ২০
![]() |
| জমি বিরোধের জেড়ে জলিল শেখের ছেলেদের তৈরি বসত ঘর সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন ভেঙে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয়। রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকার খোন্দকার পাড়ায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়ায় জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে ঘুমন্ত একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় একটি ঘরে আগুন দেওয়াসহ হামলায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকার পাড়ায় প্রায় ১৮ একর জমি নিয়ে স্থানীয় মিয়া পাড়ার সৈয়দ জাবেদ আলীর সঙ্গে খন্দকার পাড়ার জলিল শেখের পরিবারের বিরোধ চলছে। বিরোধপূর্ণ এই জমিতে স্বাধীনতার পর থেকেই সৈয়দ জাবেদ আলী বসবাস শুরু করেন। অন্যদিকে, জলিল শেখের মৃত্যুর পর তাঁর ছেলেরা ওই জমিকে নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে আসছেন।
এলাকাবাসী জানান, প্রায় দুই মাস আগে জলিল শেখের ছেলেরা ওই জমিতে একটি টিনের ছাপরা ঘর তুলে থাকতে শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় আদালত ও থানা পর্যন্ত গড়ায়। পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়। গত শনিবার এ নিয়ে সালিস বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।
সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিরা হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন ইদ্রিস শেখ জানান, ভোরে সাহ্রি খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। সকাল সাতটার দিকে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জন রড, লাঠি ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের নতুন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘুমিয়ে থাকা আত্মীয়স্বজনরা গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের বাঁচাতে গেলে বাকিদের ওপরও হামলা চালানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল বারেক শেখ (৫০), ইদ্রিস শেখ (৪০), কুদ্দুস শেখ (৩০), আতর আলী শেখ (৫৫), শাহিন (৩৬), দুলাল শেখ (৪৫), নিঝুম (২০), মোস্তফা শেখ (৩০), মুনিয়া (২০), হাসি বেগম (৪৫), মৌসুমী (৩৩), মনোয়ারা বেগম (৪০), আবু বক্কার (২৫) ও রাকিব মণ্ডল (২২)। এ ছাড়া অপর পক্ষের সিদ্দিক শেখ (৫০) ও আফাজ উদ্দিন শেখসহ (৫০) আরও কয়েকজন আহত হয়েছেন। আহত আতর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টা থেকে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। অধিকাংশের শরীরেই হাড় ভাঙা ও জখমের চিহ্ন রয়েছে।
বেথুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, নতুন বসতঘরটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া রজব শেখ ও বারেক শেখের বাড়ির টিনের বেড়া ভাঙচুর অবস্থায় পড়ে আছে।
অভিযুক্ত সৈয়দ শামসুল হক সূর্যের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের নারী সদস্যরা জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তাঁরা স্বাধীনতার পর থেকে বসবাস করছেন। অন্য পক্ষটি অন্যায়ভাবে জমি দাবি করে জোর করে দখলের চেষ্টা চালাচ্ছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে আগেই একাধিক মামলা রয়েছে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments