[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাঁচ মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

প্রকাশঃ
অ+ অ-
সেলিনা হায়াৎ আইভী | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

হত্যার অভিযোগসহ পৃথক পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।

এই পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং অন্যটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে কারাগারে থাকা সেলিনা হায়াৎ হাইকোর্টে পৃথক আবেদন করেন। বৃহস্পতিবার সেই আবেদনগুলোর ওপর শুনানি হয়।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। তবে এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেন। সেই আবেদনগুলো বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রথমে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আইভী। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়। যেদিন হাইকোর্ট থেকে জামিন পান, সেদিনই আরও পাঁচ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের ১৮ নভেম্বর মঞ্জুর হয়।’

আইনজীবী মোতাহার হোসেন আরও বলেন, ‘নতুন এই পাঁচ মামলার এজাহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং তদন্তেরও কোনো অগ্রগতি নেই—এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে আগের পাঁচ মামলায় তাঁর জামিন স্থগিত থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।’

হাইকোর্টের জামিনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

প্রসঙ্গগত, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি জয়ী হন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন